ভয়াবহ পানি স্বল্পতায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন তলানিতে ঠেকেছে। কাপ্তাই লেকের পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টিই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সচল থাকা মাত্র একটি ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, যেখানে কেন্দ্রটির পূর্ণ সক্ষমতা ২৩০ মেগাওয়াট।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষিয়টি নিশ্চিত করে জানান, শুষ্ক মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় লেকের পানির স্তর রুল কার্ভের চেয়ে অনেক নিচে নেমে গেছে। ফলে উৎপাদন সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে।
কপাবিকে কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রুল কার্ভ (পানির পরিমাপের সূচক) অনুযায়ী বর্তমানে কাপ্তাই লেকে ৮৩.৮০ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯টা পর্যন্ত পানি রেকর্ড করা হয়েছে মাত্র ৭৭.৪৭ ফুট। পানির স্তর দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে ৪টি ইউনিট বন্ধ রেখে বাধ্য হয়ে কেবল একটি ইউনিট চালু রাখা হয়েছে।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, পাহাড়ি ঢল বা পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত লেকের পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। আর পানি না বাড়লে এই বিদ্যুৎ উৎপাদন সংকট আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
পানির স্তর এভাবে কমতে থাকলে সচল থাকা একমাত্র ইউনিটটিও যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা জাতীয় বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments