নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ ছাত্রদল কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-রাধিকা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। আহতদের মধ্যে ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমনের নাম জানা গেলেও বাকি দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ আরোহীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. সিফাত জানান, দুই যুবককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাব্বি ও মাহিম ছাত্রদলের সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন। তাদের এই অকাল মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments