Image description

নীলফামারীর ডোমারে রেললাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে রাশেদুল ইসলাম (৩০) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম বড়গাছা দরগাপাড়া এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বিকেলে বড়গাছা দরগাপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় রাশেদুল রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর