Image description

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নিখিল ঘোষ নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বর্তমানে আহত নিখিল যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নিখিল ঘোষ ও তার পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং তার ভাই বিএনপি সদস্য হাকিম আলী দীর্ঘদিন ধরে নিখিলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রাণভয়ে এলাকা ছেড়েছিলেন আওয়ামী লীগ সমর্থক নিখিল ঘোষ। প্রায় সাত মাস আত্মগোপনে থাকার পর, স্থানীয় বিএনপি নেতাদের দেওয়া নিরাপত্তার আশ্বাসে তিনি এলাকায় ফেরেন এবং জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর লিয়াকত ও হাকিম পুনরায় সেই পাওনা চাঁদার টাকার জন্য চাপ দিতে থাকেন। গত ২৪ এপ্রিল সকালে নিখিল ঘোষ দুধ বিক্রি করতে বাজারে যাওয়ার সময় লিয়াকত আলী তার পথরোধ করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় লিয়াকত ক্ষিপ্ত হয়ে একটি দোকান থেকে হাতুড়ি এনে তাকে বেধড়ক মারধর করেন। এতে নিখিলের ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এসময় লিয়াকতের ভাই হাকিম আলীও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

আহত নিখিল ঘোষ ও তার স্ত্রী জানান, এই হামলার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় লিয়াকত আলীর ভয়ে তারা এখন এলাকা ছাড়া হওয়ার শঙ্কায় রয়েছেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, "বিষয়টি লোকমুখে শুনেছি, তবে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর