ছাতকে অর্ধশত কোটি টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করলেন এমপি মিলন
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অর্ধশত কোটি টাকার বিশাল বরাদ্দ ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
গোবিন্দগঞ্জ অঞ্চলের কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের উন্নয়ন বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, "গোবিন্দগঞ্জকে একটি আধুনিক ও আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হয়েছে। প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের প্রচেষ্টায় এই এলাকা অনেকটাই এগিয়েছে। এখন সরকারি তদারকিতে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গোবিন্দগঞ্জকে আরও আলোকিত করতে চাই।"
সংসদ সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রায় ৩৫ কোটি টাকার উন্নয়ন কাজের ঘোষণা দেন। এর মধ্যে কালারুকা-তাজপুর সড়কে ৮ কোটি, গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কে ৫ কোটি, জালালপুর-লামারসুলগঞ্জ সড়কে ৬ কোটি এবং বুড়াইগাঁও-আলমপুর সড়কে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নোয়াপাড়া-বাংলাবাজার, হাইওয়ে থেকে মোল্লাআতা ও গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কেও বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ, শাহ সুফি মোজাম্মিল আলী (র.) দাখিল মাদ্রাসা এবং রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় ও গোবিন্দনগর ফজলিয়া আলিম মাদ্রাসার ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ২ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিমুলতলা, লাকেশ্বর ও রায়সন্তোষপুরসহ ৭টি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্যও বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, আব্দুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments