সুন্দর চেয়ার-টেবিল দেখতে আমি আগ্রহী নই, ছাত্রদের রেজাল্ট ভালো করতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
‘সুন্দর চেয়ার-টেবিল দেখতে আমি আগ্রহীও না, উৎসাহীও না; আমাদের মূল লক্ষ্য হতে হবে ছাত্রদের রেজাল্ট ভালো করা’—এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সরকার আধুনিক ভবন বানিয়ে দিচ্ছে, বিনিময়ে আপনাদেরও ফলাফল দিতে হবে। আপনারা ছাত্রদের ঠিকমতো পড়ালে তারা নিশ্চিতভাবে পাস করবে। একজন বাবা-মায়ের দায়িত্ব সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া, আর তাকে সুশিক্ষিত করার দায়িত্ব হচ্ছে শিক্ষকদের। সেই দায়িত্ব পালনে আপনারা ব্যর্থ হবেন না।”
ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন আরও বলেন, “আমি গৌরীপুরের শিক্ষার মান জাতীয় পর্যায়ের উচ্চতায় দেখতে চাই। সারাদেশে যে গড় ফলাফল হয়, গৌরীপুরের অবস্থান তার উপরে থাকতে হবে—এটিই আমার দাবি। আগামী বছর যদি শিক্ষার মানে কাঙ্ক্ষিত উন্নতি না দেখি, তবে আমি কঠোর প্রশাসনিক পদক্ষেপে যাবো। ছাত্রদের বুঝিয়ে হোক কিংবা শাসন করে হোক, ভালো ফলাফল নিশ্চিত করতেই হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক।
উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সুলতান সোবহান, আব্দুর রহমান বাবুল, শফিকুল ইসলাম তালুকদার, শাহ ওবায়দুল্লাহ সুমন এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments