Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ঘাটে বসা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের আঘাতে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে নবীনগর সদর বাজারের মনুবাবুর ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম এলেম খাঁ, তিনি একই ইউনিয়নের মহল্লা গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ মিয়া নিকটস্থ মেরকুটা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মনুবাবুর ঘাটে অপেক্ষমাণ একটি নৌকায় ওঠেন। নৌকায় বসা নিয়ে সহযাত্রী এলেম খাঁর সাথে তাঁর কথা কাটাকাটি হয়। বিতণ্ডার এক পর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়ার ওপর চড়াও হন এবং তাঁর বুকে ও মাথায় সজোরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে হানিফ মিয়া নৌকার ভেতরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই অভিযুক্ত এলেম খাঁ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নৌকা থাকা অন্য যাত্রীরা তাৎক্ষণিকভাবে হানিফ মিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় নিহতের স্বজনরা ভিড় জমান এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহল্লা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নিহতের পরিবারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, "ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক এলেম খাঁকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর