Image description

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বিশাল বটগাছ দোকানের ওপর উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের ওপর উপড়ে পড়ে পাশে থাকা একটি পুরোনো বটগাছ। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে ঘুমিয়ে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গাছের নিচ থেকে উমা চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবৈশাখী ঝড়ে এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, উমা চন্দ্র দীর্ঘ দিন ধরে ওই বাজারে সততার সাথে ব্যবসা করে আসছিলেন।