ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন— নওগাঁ জেলার বড়নাল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রানা সরদার (৩১) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দক্ষিণ বৈরচুনা গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩৬)। তাঁরা দুজনই দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন ও বৈরচুনা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই দুই যুবক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপি সীমান্তের মেইন পিলার ৩৩৫/৭-এস এর শূন্যরেখা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় ভারতের অভ্যন্তরে অবস্থিত পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে।
পরবর্তীতে আটককৃতদের বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ বৈরচুনা বিওপি ক্যাম্পের সাথে যোগাযোগ করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিএসএফ-এর আহ্বানে বৈরচুনা বিওপি ক্যাম্প কমান্ডার এবং পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে ‘দোপাইল’ নামক স্থানে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিকেল ৪টার দিকে তাঁদের পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত দিয়ে আসা দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments