কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক যুবককে প্রধান আসামি করে মুরাদনগর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
তবে মামলার পর থেকে আসামিরা ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। পথে মটকিরচর ঈদগাঁ এলাকায় পৌঁছালে সাইফুল ইসলাম ও তার সহযোগী এক সিএনজিচালক মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ওই দিন বিকেলে তাকে আবারও স্কুলের সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী নেই, অনেক কষ্টে মেয়েটাকে বড় করছি। তারা আমার মেয়ের সর্বনাশ করল। এখন আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারটি দ্রুত আসামিদের গ্রেফতার এবং এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।




Comments