Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়ক-এর মাধবপুর বাজার এলাকায় অটোরিকশা ও সিএনজির অবাধ দখলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে নিয়ম ভেঙে এসব যানবাহনের চলাচল ও যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশজুড়ে প্রতিদিন শতাধিক অটোরিকশা ও সিএনজি এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। যাত্রী ওঠানামার সময় চালকরা সড়কের মাঝখানেই গাড়ি থামিয়ে দেন, ফলে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এতে দীর্ঘ যানজটে আটকে পড়ছে দূরপাল্লার বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহন।

স্থানীয় ভুক্তভোগী রাশেদ আহমেদ জানান, প্রতিদিন কর্মস্থলে যেতে তাকে অতিরিক্ত ২০ থেকে ৩০ মিনিট সময় নষ্ট করতে হয়। তিনি বলেন, “মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ থাকলেও এখানে কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। প্রশাসনের নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।”

একই অভিযোগ করেন পরিবহন চালকরাও। বাসচালক জাহিদ হোসেন বলেন, “হঠাৎ করে অটোরিকশা সামনে দাঁড়িয়ে পড়ায় প্রায়ই ব্রেক করতে হয়। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।”

স্থানীয় ব্যবসায়ী প্রণয় পাল জানান, বাজার এলাকায় নির্দিষ্ট কোনো অটোরিকশা বা সিএনজি স্ট্যান্ড না থাকায় চালকরা সড়কেই গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। এতে ক্রেতা ও ব্যবসায়ী উভয়েই দুর্ভোগে পড়ছেন। তিনি দ্রুত নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও তা সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা নিরসন সম্ভব নয়।

এ বিষয়ে মাধবপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজির চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে জনসচেতনতার অভাব ও বিকল্প ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। তিনি জানান, শিগগিরই বিশেষ অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করা হবে এবং নির্দিষ্ট স্থানে গাড়ি দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হবে।

ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে সুযোগ পেলেই চালকরা সড়কে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করছেন। এ ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।