রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি এই শহরটি। পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্ব ‘টাকা ও আইফোনের বিনিময়ে’ অছাত্র, বিবাহিত এবং বহিরাগতদের দিয়ে এই কমিটি গঠন করেছে। এর প্রতিবাদে রবিবার (৩ মে) সকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষোভকারীদের দাবি, জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যাকে মনোনীত করা হয়েছে, তিনি মূলত রাজস্থলী উপজেলার বাসিন্দা এবং রাঙ্গামাটি শহরের ছাত্ররাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। এছাড়া কমিটিতে বিবাহিত ও অছাত্রদের আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বিক্ষোভের অংশ হিসেবে রবিবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলীস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন, যার ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এ সময় তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’ বলে চিৎকার করেন।
বিক্ষোভে উপস্থিত নবগঠিত কমিটির সহ-সভাপতি নূর তালুকদার মুন্না বলেন, “শহরের রাজনীতি না করা কাউকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেওয়া হবে না।” যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন সরাসরি অভিযোগ করে বলেন, “আমরা জানতে পেরেছি, টাকা ও আইফোনের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। নিয়মিত ছাত্রদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে।”
অন্যদিকে, নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বড় সংগঠনে সবার চাহিদা পূরণ করা কঠিন। যারা পদ পাননি, তাদের ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে সবাইকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মে মাসে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর ঘোষিত এই কমিটিকে কেন্দ্র করে এখন জেলা ছাত্রদলে গৃহবিবাদ তুঙ্গে।
মানবকণ্ঠ/আরআই




Comments