হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও যানবাহন জব্দ করেছে। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২ মে ভোরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।
একই দিন সকাল ৭টার দিকে তেলিয়াপাড়া বিওপির একটি দল একই এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে ভারতীয় জিরা এবং ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫) এবং দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীরের ছেলে মো. আশরাফুলকে (২০) আটক করা হয়। তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি টহলদল খাশপাড়া এলাকা থেকে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত পণ্য ও যানবাহন সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments