বগুড়ার শাহজাহানপুর উপজেলায় স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তার ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের বাসিন্দা।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহজাহানপুর থানার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করা হয়।
তল্লাশির একপর্যায়ে এইচ-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত স্যান্ডেলের সোলের ভেতরে লুকানো দুটি পলিপ্যাকেট থেকে ৭৫০ পিস করে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ব্যবহৃত স্যান্ডেল জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার পরিদর্শক মো. সামসুল আলম।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




Comments