ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নারী (৩৫) নিহত হয়েছেন। রোববার (৩ মে) রাত ১১টার দিকে মাওয়া রেলস্টেশনের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি নামক এলাকার ঢাকামুখী লেন থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
হাসাড়া হাইওয়ে ধানার ওসি মো. আল মামুন জানান, লৌহজংস্থ পদ্মা সেতু উত্তর থানা এলাকার দোগাছি নামক এলাকার মহাসড়ক থেকে ফায়ার সার্ভিস এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই মহিলা পাগল প্রকৃতির হতে পারে। তাই তার পরিচয় মেলাটা কষ্টকর ব্যাপার। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেলে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হবে।




Comments