রাজশাহীর পবা উপজেলার নওহাটায় স্থানীয় নারীদের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। এমপির ফোন পাওয়ার পরপরই প্রটোকলের তোয়াক্কা না করে মোটরসাইকেলে চড়ে জনসভাস্থলে ছুটে আসেন পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন। সোমবার (৪ মে) সকালে নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।
জানা গেছে, এদিন সকালে স্থানীয় নারীদের নিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শফিকুল হক মিলন। বৈঠকে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে এলাকায় সৌরবিদ্যুতের লাইটের অভাব রয়েছে, যার ফলে রাতে চলাচলে ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। রুমা বেগম নামে এক বাসিন্দা অভিযোগ করেন, তারা বিএনপি সমর্থক হওয়ায় আগের সময়ে তাদের এলাকায় সৌরবিদ্যুতের কোনো সুবিধা দেওয়া হয়নি।
স্থানীয়দের এসব অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পবার ইউএনও এবং নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীনকে ফোন করেন এমপি মিলন। ফোন পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে মোটরসাইকেলে চড়ে সেখানে হাজির হন ইউএনও। তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যাগুলো ডায়েরিতে নোট করে নেন।
ইউএনও ইবনুল আবেদীন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, "সরকারি সেবা সবার জন্য সমান। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। আপনাদের সমস্যাগুলো আমি নিজে শুনেছি এবং দ্রুততম সময়ের মধ্যে সৌরবিদ্যুতের লাইটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"
সংসদ সদস্য শফিকুল হক মিলন জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, "নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কোনো রাজনৈতিক ভেদাভেদ ছাড়াই সব নাগরিকের জন্য উন্নয়ন নিশ্চিত করা হবে।" প্রশাসনের এমন তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা।
মানবকণ্ঠ/আরআই




Comments