কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আশিক, কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে তারেক, আলমাছের ছেলে আরিফ এবং জয়নাল মিয়ার ছেলে ইসমাইল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে পৌঁছালে একদল বখাটে তাদের পথরোধ করে। চক্রটি প্রথমে স্বামীকে মারধর করে আটকে রাখে এবং পরে স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অভিযোগ উঠেছে, সারারাত ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী তার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে চান্দিনা থানা পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments