Image description

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চী ইউনিয়ন। আয়তনে বিশাল আর জনসংখ্যায় সমৃদ্ধ এই জনপদটি স্বাধীনতার ৫৫ বছরে পদার্পণ করলেও এখন পর্যন্ত পায়নি একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে উন্নত চিকিৎসার অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ইউনিয়নের প্রায় ৩৫ হাজারেরও বেশি মানুষকে।

বিশ্বনাথ উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত এই ইউনিয়নটি ১৯৫৯ সালে গঠিত হয়। প্রায় ৬ হাজার ৭৫৪ একর আয়তনের এই ইউনিয়নে বর্তমানে ৩৫ হাজারের বেশি মানুষের বসবাস, যার অর্ধেকের বেশি নারী। কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় রয়েছে মাত্র দুটি কমিউনিটি ক্লিনিক। নামমাত্র এই চিকিৎসাসেবা দিয়ে জনমানসের নূন্যতম প্রয়োজনও মেটানো সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও ইউনিয়নের নিজস্ব কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় প্রাথমিক চিকিৎসার জন্যও তাদের ১২ কিলোমিটার দূরে উপজেলা সদর বা সিলেট জেলা শহরের হাসপাতালে ছুটতে হয়। রাস্তাঘাটের অবস্থা নাজুক হওয়ায় মুমূর্ষু রোগীদের অনেক সময় সনাতনী পদ্ধতিতে কাঁধে করে বা খাটিয়ায় বয়ে নিয়ে যেতে হয়। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে পথে অনেকেরই প্রাণহানির মতো ঘটনা ঘটে। চিকিৎসা ব্যয়ের পাশাপাশি যাতায়াত খরচও সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

জনগুরুত্বপূর্ণ এই জনপদে একটি স্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন, আলী আহমদ ও আসকর আলী জানান, তারা বারবার জনপ্রতিনিধিদের কাছে এই দাবি জানালেও কোনো কাজ হয়নি। এখন তারা বর্তমান সংসদ সদস্য (সিলেট-২) তাহসিনা রুশদির লুনার সুদৃষ্টি কামনা করছেন। এলাকাবাসীর বিশ্বাস, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর উত্তরসূরি হিসেবে একমাত্র তিনিই খাজাঞ্চীবাসীর এই দীর্ঘদিনের দুঃখ লাঘব করতে পারেন।

সুশীল সমাজ ও প্রবাসীরাও এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের দাবি, জনস্বার্থ রক্ষায় এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ের মধ্যে খাজাঞ্চী ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হোক। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন তারা।

মানবকণ্ঠ/ডিআর