সিলেটের বিশ্বনাথে কারিগরি শিক্ষার প্রসারে দীর্ঘ প্রতীক্ষিত ‘বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’ প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের মীরেরচরে কলেজের জন্য নির্ধারিত জমি পরিদর্শনকালে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এ আশ্বাস প্রদান করেন।
জমি পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি লুনা বলেন, "বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মানসম্মত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রবাসীদের দানকৃত জমিতে এই কলেজটি প্রতিষ্ঠিত হচ্ছে বলেই আজ উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। ৫ আগস্টের পর কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) উপস্থিতিতে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।"
তিনি আরও জানান, প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। খুব শীঘ্রই অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এটি বিশ্বনাথের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে যেমন ভালো কর্মসংস্থান মিলবে, তেমনি দেশের ভেতরেও দক্ষ জনশক্তি তৈরির পথ সুগম হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আয়না মিয়া, প্রবীণ বিএনপি নেতা হাজী আরশ আলী রেজা, হাজী মো. ছাতির আলী, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মীরেরচর গ্রামবাসীর পক্ষে চুনু মিয়া, সজ্জাদ আলী, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments