সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লিখে বাজারজাত করার দায়ে নড়াইলে ‘এ.জে কনজ্যুমার প্রোডাক্টস’ নামে একটি বোতলজাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিশেষ প্রক্রিয়ায় ‘জারা’ (Jara) নামে সয়াবিন তেল বোতলজাত করে থাকে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে তদারকি অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, প্রতিটি বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দাম লিখে রাখা হয়েছে।
নির্ধারিত হার অনুযায়ী, আধা লিটার সয়াবিনের বোতলে ৯৮ টাকা, ১ লিটারে ১৯৯ টাকা এবং ২ লিটারে ৩৯৮ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটি প্রতিটি বোতলে অতিরিক্ত দাম লিখে তা বাজারজাত করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ের দামের চেয়ে বেশি দাম রাখলে বা ভুল দাম লিখে রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে ক্যাব প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে সঠিক মূল্যে পণ্য বিক্রির জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments