কলাপাড়ায় ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষকে হাতুড়ি পেটা
পটুয়াখালীর কলাপাড়ায় ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবু সালেহকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে এক সন্ত্রাসী। মঙ্গলবার (৫ মে) সকালে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে মর্নিং ওয়াক শেষে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন অধ্যক্ষ আবু সালেহ। তিনি পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জসিম নামে এক যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতুড়ি দিয়ে তার দুই পায়ের হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। অভিযুক্ত জসিম কুয়াকাটা পৌর বিএনপির এক নেতার ছেলে বলে জানা গেছে।
আহত অধ্যক্ষ আবু সালেহ বলেন, "জসিমের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমি তাকে ভালো করে চিনিও না। সকালে অতর্কিতভাবে সে আমার ওপর হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপত্তার কথা ভেবে আমি বাসায় অবস্থান করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"
এ বিষয়ে কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments