Image description

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর গৃহবধূ ববিতা বেগমকে গলাকেটে হত্যার ৩৯ দিন পর এজাহারভুক্ত আসামি আনারুল মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার ( মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকার জসিমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব জানায়, সতেরো বছর আগে ববিতা বেগমের সঙ্গে মোঃ হারুন মোল্লার বিয়ে হয়। তারা পলাশবাড়ী উপজেলার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে ববিতা রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে স্বামী হারুন ও আশরাফুল কৌশলে বুঝিয়ে ববিতাকে পুনরায় ওই ভাড়া বাসায় নিয়ে আসেন।

গত ২৮ মার্চ ববিতার মা লোকমুখে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ওই বাসায় গিয়ে খাটের ওপর ববিতার গলাকাটা লাশ দেখতে পান। এ ঘটনায় সেদিনই নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১৩-এর সিনিয়র এএসপি বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং র‍্যাব-১ উত্তরা, ঢাকার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ববিতা হত্যা মামলার অন্যতম আসামি আনারুল মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনারুল সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর