রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) সাজেক-বাঘাইছড়ি-দিঘীনালা সড়কে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
শনিবার দুপুরে সাজেকের উজো বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচির ঘোষণা দেন। সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় একদল অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির হাত থেকে বাঁচতে তিনি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মৃত্যু বরণ করেন। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর ‘কালেক্টর’ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
এই ঘটনার পর থেকে পুরো সাজেক এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক স্থানীয় বাসিন্দা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় সম্ভাব্য সহিংসতা এড়াতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সজাগ অবস্থানে রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments