‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণ-শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে গাইবান্ধা ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কেবল আইন প্রয়োগ করে জয়ী হওয়া সম্ভব নয়; এর জন্য প্রয়োজন জোরালো সামাজিক আন্দোলন। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক সচেতনতাই পারে একটি টেকসই দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে।”
বিশেষ অতিথির বক্তব্যে দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন বলেন, “দুদক একা দুর্নীতি নির্মূল করতে পারবে না। জনসাধারণের সহযোগিতা ও সঠিক তথ্য প্রদান ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আনা অসম্ভব।” এছাড়া দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা তাঁর বক্তব্যে বলেন, “জনগণের সেবা প্রাপ্তি সহজ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই দুর্নীতি হ্রাসের প্রধান পথ। জেলা প্রশাসন স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানে বদ্ধপরিকর।”
গণ-শুনানি চলাকালে সাধারণ নাগরিকরা বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে তাঁদের হয়রানি, অনিয়ম ও দুর্নীতির তিক্ত অভিজ্ঞতা সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত দুদক কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বেশ কিছু অভিযোগ আমলে নেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এই গণ-শুনানিকে দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments