Image description

দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও জনদুর্ভোগের পর অবশেষে নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত সড়ক সংস্কার ও নির্মাণকাজ শুরু হয়েছে। তবে কাজ শুরুর পরই উঠেছে নতুন অভিযোগ। খুব ধীল গতিতে কাজ চলছে তার ওপর সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে শহরের তামান্না মোড় থেকে ওয়াপদা এবং মদিনা মোড় থেকে বসুনিয়া মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু হয়। রংপুরের সাম্মি বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

দীর্ঘদিন ধরে সড়ক দুটি খানাখন্দে ভরা থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। স্থানীয়দের অন্যতম দাবি ছিল সড়কের পাশ ও মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে প্রশস্ত ও নিরাপদ সড়ক নির্মাণ করা। কিš‘ বাস্তবে এখনো অন্তত ১৫টি বৈদ্যুতিক খুঁটি সরানো হয়নি।

মঙ্গলবার (১২ মে) সরেজমিনে দেখা যায়, তামান্না মোড় থেকে শিল্প সাহিত্য সংসদ সড়ক পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। কিন্তু সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতে কিংবা ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শিল্প সাহিত্য সংসদ এলাকার ব্যবসায়ী মামুন বলেন, এত ধীরগতির কাজ আগে কখনো দেখিনি। কাজ শুরুর ছয় মাস পার হলেও রাস্তা নির্মাণ আধা কিলোমিটার পার করেনি। তাছাড়া সড়কের মাঝখানে খুঁটি রেখেই কাজ চলছে। বারবার বললেও কেউ গুরুত্ব দিচ্ছে না। খুঁটি না সরিয়ে রাস্তার কাজ শেষ হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। 

আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের খুঁটি না সরিয়ে কীভাবে রাস্তার কাজ হয়, সেটাই বুঝতে পারছি না। এখন পৌরসভায় কার্যকর তদারকি না থাকায় যেন যার ই”ছা মতো কাজ করছে।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেকু মিয়া বলেন, নেসকোর খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার প্রকৌশল বিভাগের উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে জনগণের ভোগান্তি কমবে না।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, নেসকো কর্তৃপক্ষকে খুঁটি অপসারণের জন্য জানানো হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সড়কের মাঝখানের খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে সৈয়দপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, খুঁটি সরানোর বিষয়ে এখন পর্যন্ত পৌরসভা থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন পাওয়া যায়নি। আবেদন পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজে সমন্বয়ের অভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত খুঁটি অপসারণ না হলে নতুন সড়ক জনদুর্ভোগ কমানোর বদলে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।