Image description

মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী-কালিরবাজার সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা বেপারী (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার আলমমীরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা বেপারী একই এলাকার মৃত আজিমউদ্দিন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোস্তফা বেপারী রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় পেছন দিক থেকে আসা মাদারীপুরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পরপরই চালক তার মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেছে।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ঘাতক মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর