Image description

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১০ মে) রাতে উপজেলার ২নং জুগলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাকুল সাংমা ওই এলাকার মৃত মতিন মারাকের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ওই বাক-প্রতিবন্ধী কিশোরী ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে নির্জন স্থানে একা পেয়ে শাকুল সাংমা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় স্থানীয় কয়েকজন বিষয়টি দেখে ফেললে শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নির্যাতিতা কিশোরী বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে পুলিশ ওই রাতেই বিশেষ অভিযান চালায়। পরে রাত আনুমানিক ৮টার দিকে ২নং জুগলী ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের একটি গোপন আস্তানা থেকে শাকুল সাংমাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই পাশবিক নির্যাতনের ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর