এমপি ফয়সলের উদ্যোগে চুনারুঘাটের চা বাগানে উন্নয়নের ছোঁয়া
দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনা কাটিয়ে অবশেষে উন্নয়নের পথে হাঁটছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগান। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সুপেয় পানির সংকট নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হওয়ায় স্বস্তি ফিরেছে অবহেলিত চা শ্রমিকদের মাঝে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের বিশেষ উদ্যোগ ও তদারকিতে উপজেলার দেউন্দি, চান্দপুর, রামগঙ্গা, চাকলাপুঞ্জি, লালচান্দ, নাসিনাবাদ ও লস্করপুরসহ বিভিন্ন চা বাগানে ছোট-বড় অসংখ্য উন্নয়ন কাজ এখন দৃশ্যমান। কোথাও ড্রেন ও কালভার্ট নির্মাণ, কোথাও রাস্তার ইট সলিং, আবার কোথাও বিদ্যালয়ের বাউন্ডারি তৈরির কাজ চলছে পুরোদমে।
স্থানীয় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের পর বছর কাদা-পানি, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটে চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। বর্ষা মৌসুমে অনেক এলাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। তবে বর্তমান সংসদ সদস্যের বিশেষ নজরদারিতে সেই চিরচেনা দুর্ভোগ লাঘব হতে শুরু করেছে।
উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে জানা যায়, দেউন্দি চা বাগানে গাইড ওয়াল ও কালভার্ট নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হয়েছে। চান্দপুর চা বাগানে বাজার পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শেষ পর্যায়ে। রামগঙ্গা চা বাগানে ড্রেন নির্মাণ হওয়ায় জনদুর্ভোগ কমেছে। এছাড়া চাকলাপুঞ্জি চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ এবং লালচান্দ ও নাসিনাবাদ চা বাগানে প্রধান সড়কে ইট সলিংয়ের কাজ চলায় যাতায়াতে সুবিধা পাচ্ছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। লস্করপুর চা বাগানে মন্দির থেকে আবাসিক এলাকা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজও প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুপেন পাল বলেন, “শুধু অবকাঠামো নয়, চা শ্রমিকদের সুপেয় পানির সংকট নিরসনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি বাগানে গভীর নলকূপ স্থাপন করায় বহু পরিবার এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। দীর্ঘদিন পর বাগানগুলো উন্নয়নের আওতায় আসায় শ্রমিকদের জীবনমান ও শিক্ষার পরিবেশ উন্নত হচ্ছে।”
চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার বলেন, “সংসদ সদস্য সৈয়দ ফয়সালের কনিষ্ঠ পুত্র শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ নির্বাচনের সময় চা বাগানগুলো ঘুরে শ্রমিকদের দুর্দশা দেখেছিলেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাচ্ছি।”
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এ বিষয়ে জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অবহেলিত এলাকাগুলোকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করা তার অগ্রাধিকার। চুনারুঘাট ও মাধবপুরের প্রতিটি পিছিয়ে পড়া জনপদে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments