Image description

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ের কোল ঘেঁষে জেগে থাকা শান্ত জনপদ বিলাইছড়ি এখন যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা এক জীবন্ত ক্যানভাস। গ্রীষ্মের তপ্ত রোদে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক তখনই বিলাইছড়ি উপজেলা ঘাট ও ধূপ্প্যাচর সংলগ্ন ব্রিজটি হয়ে উঠেছে স্থানীয় ও পর্যটকদের জন্য প্রশান্তির এক অনন্য ঠিকানা।

চারপাশের ভ্যাপসা গরমকে তুচ্ছ করে হ্রদের বুক চিরে বয়ে আসা স্নিগ্ধ শীতল হাওয়া গায়ে মাখতে প্রতিদিন বিকেলেই এখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। তবে এবারের বৈশাখী বিকেলের আকর্ষণে যোগ হয়েছে এক নতুন ও মায়াবী মাত্রা। ব্রিজের উত্তর প্রান্তে ডালপালা মেলে থাকা কৃষ্ণচূড়ার গাছগুলো এখন রক্তিম ফুলে ছেয়ে গেছে। আগুনের মতো লাল এই রঙের মেলা দেখতে আর প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ। নীল আকাশ আর পাহাড়ের গাঢ় সবুজের পটভূমিতে লাল কৃষ্ণচূড়ার এই বৈপরীত্য পুরো এলাকাকে এক স্বর্গীয় রূপ দিয়েছে।

প্রকৃতির এই অপরূপ সান্নিধ্যে এসে কেবল চোখ জুড়ানোই নয়, বরং দীর্ঘদিনের পরিচিত মুখগুলোর মধ্যে তৈরি হচ্ছে এক আত্মিক মেলবন্ধন। বর্তমানে অসহনীয় গরম আর বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষ ঘর থেকে বেরিয়ে খোলা বাতাসের খোঁজে এখানে জড়ো হচ্ছেন। এই ভিড়ের মধ্যেই অনেক সময় অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাচ্ছে পুরনো বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের সাথে। কুশল বিনিময়ের মাধ্যমে স্থানীয়দের সামাজিক বন্ধন যেন আরও সুদৃঢ় হচ্ছে।

ধূপ্প্যাচর গ্রাম থেকে ঘুরতে আসা দম্পতি আকাশ চাকমা ও মিনু চাকমা বলেন, "প্রচণ্ড গরম আর বিদ্যুৎ বিভ্রাটে ঘরে টেকা দায় হয়ে পড়েছে। তাই প্রকৃতির একটুখানি শীতল পরশ নিতে আমরা বারবার এখানে ছুটে আসি।"

বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবেং চাকমা ও বিশ্ব বাবু চাকমা জানান, কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন গাছ সংরক্ষণ ও নতুন করে রোপণ করা প্রয়োজন।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এ বিষয়ে বলেন, "এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তার ধারে, শিক্ষাপ্রতিষ্ঠান ও খোলা জায়গায় পরিকল্পিতভাবে কৃষ্ণচূড়ার চারা রোপণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। এতে যেমন পরিবেশ মনোরম হবে, তেমনি প্রকৃতির সৌন্দর্যও ছড়িয়ে পড়বে চারদিকে।"

বিকেল গড়াতেই উৎসবমুখর পরিবেশে সকল পেশার মানুষ ভিড় করছেন ব্রিজের ওপর। পাহাড়, জল আর কৃষ্ণচূড়ার এই অভূতপূর্ব মিতালী বিলাইছড়ির মানুষ ও পর্যটকদের হৃদয়ে প্রশান্তির বারিধারা ঢালছে। সব মিলিয়ে বিলাইছড়ি উপজেলা ঘাট সংলগ্ন ব্রিজটি এখন কেবল একটি স্থাপনা নয়, বরং রক্ত রঙিন কৃষ্ণচূড়ার উৎসব আর শীতল হাওয়ার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর