Image description

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলানা খানমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেলানা খানমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার দুমকি উপজেলা যুবদলের দুই নেতা আহসান ফারুক ও সুলতান শওকত হোসেনকে বহিষ্কার করা হয়। এছাড়া বিএনপি দুমকি উপজেলা শাখার কোষাধ্যক্ষ বশির উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগত একদল সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর এই বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর