Image description

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় কাভার্ড ভ্যানটি উল্টে সরাসরি রিকশার ওপর পড়ে। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই লেনে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি একটি রিকশাকে চাপা দিলে চালকের মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর