Image description

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে অভ্যন্তরীণ কোন্দলের জেরে আরজু (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চকচৌকিবাড়ি (পরানপুর) গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আরজু ওই গ্রামের সাইফুল ইসলাম ছায়ার ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরজুর সঙ্গে একই গ্রামের মৃত আলাউদ্দিন সরদারের ছেলে সুজন সরদারের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। ঘটনার রাতে তারা দুজন গ্রামের ঈদগাহ ময়দানের কাছাকাছি পৌঁছালে কে বা কারা অতর্কিত গুলি চালায়। এতে আরজুর পায়ে গুলি লেগে তিনি গুরুতর জখম হন।

ঘটনার পরপরই সুজন সরদার আরজুর বাড়িতে খবর দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তার ক্লু বের করতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।