পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীর ৩২ ঘণ্টা পর সন্ধান পাওয়া গেছে। বর্তমানে তারা ঢাকার কেরানীগঞ্জে জনৈক এক নারীর হেফাজতে রয়েছে বলে পরিবারের কাছে তথ্য এসেছে। তবে উদ্ধার হয়ে এখনো তারা বাড়িতে না ফেরায় স্বজনদের মাঝে উদ্বেগ কাটেনি।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রাইসা (১৩) এবং অন্য একটি বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার (১৫)।
স্বজন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে তারা প্রতিদিনের মতো বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে বিদ্যালয় ছুটি হওয়ার দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পেয়ে ওইদিন রাত ১২টার দিকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৪) করা হয়।
নিখোঁজ সানজিদার বাবা আব্দুল মন্নান গাজী জানান, আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে তার মেয়ের সঙ্গে কথা হয়েছে। সানজিদা তাকে জানিয়েছে, তারা বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে আছে এবং এক ‘আন্টি’ তাদের নিয়ে গেছে। আগামীকাল বুধবার বিকেলে তারা বাড়ি ফিরে আসবে বলেও জানায়। নিখোঁজ অন্য তিন ছাত্রীর পরিবারও একই ধরনের তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছে।
পরিবারগুলোর দাবি, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মুক্তিপণ বা অন্য কোনো দাবি করা হয়নি। তবে তারা কেরানীগঞ্জে কার কাছে এবং কীভাবে পৌঁছাল, তা নিয়ে রহস্য রয়ে গেছে।
বাউফল থানার পুলিশ জানায়, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকেই নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। বর্তমানে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments