Image description

গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সময় নিহতের ব্যাগে ‘আবুল হোসেন’ নামে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে পরিচয়পত্রটি ওই ভিক্ষুকের কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন এবং রাতে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে সেখানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জমানো নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উপার্জিত সব টাকা তিনি সবসময় নিজের কাছেই রাখতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। মরদেহের পাশে পাওয়া এনআইডির সূত্র ধরে নিহতের প্রকৃত পরিচয় শনাক্ত ও স্বজনদের খোঁজার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত স্বজন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ এবং উদ্ধার হওয়া টাকা হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর