Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ইঁদুর মারার বিষ খেয়ে লামিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লামিয়া পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া এলাকার মিনহাজের মেয়ে। সে স্থানীয় আবীর বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) রাতে লামিয়া নিজ বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয় নিয়ে মানসিক চাপে সে এই চরম পথ বেছে নিয়েছে।

পূবাইল থানার ওসি (তদন্ত) আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর