দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উদ্ভূত পরিস্থিতির কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের আশঙ্কায় এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।




Comments