Image description

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে শুক্রবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, মেঘনা টোলপ্লাজা থেকে শুরু হওয়া যানজট মদনপুর হয়ে কাঁচপুরে সেতু ও অপর প্রান্তে গাউছিয়া রুটে ছাড়িয়ে কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

এদিকে, জ্যামের কারণে কাঁচপুর সেতুতে অনেককেই হাটতে দেখা গেছে।

সোনারগাঁয়ের জামপুর এলাকার বাসিন্দা রুবেল হোসেন জানান, সকাল থেকেই মহাসড়কে তীব্র চাপ ছিল। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

কুমিল্লাগামী যাত্রী সিমা আক্তার বলেন, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। কিন্তু মোগরাপাড়া এলাকায় এসে দুই ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, বুঝতে পারছি না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, গভীর রাতে দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর প্রভাব সোনারগাঁ অংশ পর্যন্ত এসে পড়ে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় কিছু চালক গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন। তাঁদের গাড়ি সরিয়ে নিতে বলা হচ্ছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।