Image description

নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ৯ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণের মূল হোতা সুমন আলীকে (২০) গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ মে) র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মদনপুর এলাকায় র‍্যাব-১১ ও র‍্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সুমন আলী সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার সফর উদ্দিন ওরফে শাহ আলীর ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ছাত্রীটি স্থানীয় শিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে সুমন আলী তাকে দীর্ঘ দিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হতো। গত ৭ মে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সুমন ও তার সহযোগীরা মেয়েটিকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১১ মে ছাত্রীর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব আসামির অবস্থান নিশ্চিত করে এবং অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারসহ মূল আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ছাত্রী ও গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর