রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণবঙ্গে ছেড়ে যাওয়া লঞ্চের যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ বড় মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন—কর্ণফুলী-৩ লঞ্চের মাস্টার বিল্লাল (৪০) ও একই লঞ্চের কেবিন বয় মিজানুর রহমান (৩০), কর্ণফুলী-৯ লঞ্চের স্টাফ আব্দুর রহমান (২৯) এবং তেলঘাট এলাকার বাসিন্দা নাগর (৫৩)। তল্লাশি চালিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে লঞ্চের সাধারণ যাত্রীদের টার্গেট করে ইয়াবা বিক্রি করে আসছিল। চক্রটি কেরানীগঞ্জ থেকে ইয়াবার একটি বড় চালান সংগ্রহ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কালিগঞ্জ বড় মসজিদের সামনে অভিযান চালায়। এসময় হাতেনাতে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লঞ্চের স্টাফদের এই চক্রে জড়িয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর

