জয়পুরহাটের কালাইয়ে কিডনি কেনাবেচার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুস সাত্তারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়া সদর থানার পৌর পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কিডনি কেনাবেচার অভিযোগে সাত্তারের বিরুদ্ধে এর আগে আরও পাঁচটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত সাত্তারকে আদালতে পাঠানো হয়েছে। তিনি কালাই উপজেলার বহুতি গ্রামের মৃত আব্দুল জব্বার খলিফার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খুকশিয়া গ্রামের মন্টু মিয়া গত ১৩ জুন জয়পুরহাটের আমলি ৫ নম্বর আদালতে কিডনি কেনাবেচার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের নির্দেশে কালাই থানা মামলাটি নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে গ্রহণ করে।
মামলার এজাহারে মন্টু মিয়া অভিযোগ করেন, তাঁর আর্থিক সংকটের সুযোগ নিয়ে কিডনি বিক্রির বিনিময়ে ১০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। এরপর তাঁকে ঢাকায় নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পাসপোর্ট তৈরি করা হয়। ২০২৬ সালের জানুয়ারির প্রথম দিকে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার পর নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘মেরি সিটি হসপিটালে’ (Marie City Hospital) ভর্তি করে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি কিডনি অপসারণ করা হয়। কয়েকদিন হাসপাতালে রাখার পর তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু চুক্তি অনুযায়ী বাকি ৯ লাখ ৫০ হাজার টাকা চাইলে আসামিরা টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, কালাই উপজেলায় দীর্ঘদিন ধরে কিডনি কেনাবেচাকে কেন্দ্র করে একটি শক্তিশালী দালালচক্র সক্রিয় রয়েছে। তারা উপজেলার দরিদ্র ও ঋণগ্রস্ত মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহিত করে। স্থানীয়ভাবে এই চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাত্রাই, উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের নাম উঠে এসেছে। গ্রামগুলোর মধ্যে রয়েছে— ভেরেন্ডি, উলিপুর, সাতার, কুসুমসাড়া, বহুতি, মোহাইল, রাঘবপুর ও নওপাড়াসহ আরও বেশ কিছু এলাকা।
উল্লেখ্য, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ অনুযায়ী অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনের আওতায় অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি, ক্রয় বা এ কাজে সহায়তার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করার পর থেকেই এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বগুড়ায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত দালাল ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
ডিআর

