‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে অন্তত ৪২ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। এ সময় প্রতিযোগীরা নিজেদের সাঁতারের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং ভবিষ্যতের জন্য দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর অংশ হিসেবে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও জানান, সাঁতার প্রতিযোগিতার পর আগামীকাল থেকে পর্যায়ক্রমে ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা এবং নতুন প্রতিভা তুলে ধরার মাধ্যমে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ

