একটি সেতু শুধু নদীর দুই পাড়কে যুক্ত করে না, যুক্ত করে মানুষের জীবন, জীবিকা, স্বপ্ন ও সম্ভাবনাকে। কিন্তু পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে আছে প্রায় ১০ বছর ধরে। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নদীর দুই পাড়ের অন্তত ১০টি গ্রামের মানুষ।
সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই দুই পাড়ের মানুষের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন নানা প্রয়োজনে নদী পারাপার হতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নদী পারাপারের জন্য নির্ধারিত সময় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ সময়ের বাইরে নদী পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়তে হয় তাঁদের।
দশমিনা উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সেতুটির অবস্থান। সেতুর পূর্ব প্রান্তে রয়েছে বড় গোপালদী বাজার, জাফরাবাদ ও তাফালবাড়িয়া গ্রাম। এ ছাড়া রয়েছে বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা। অন্যদিকে পশ্চিম প্রান্তে রয়েছে জমির মৃধা, রামভল্লব, চিকার ব্রিজ, খারিজা বেতাগী, দাবাড়ি, রুনুয়া ও হুডিবন গ্রাম। এ প্রান্তে রয়েছে খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়।
সেতু না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, ব্যবসায়ীদের পণ্য পরিবহন এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোসহ প্রতিটি ক্ষেত্রেই বাধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে নদী পারাপার অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা আলমাস মৃধা বলেন, ‘১০ বছর ধরে সেতুটি ভাঙা পড়ে আছে। কত জনপ্রতিনিধি এলেন-গেলেন, কত আশ্বাস শুনলাম; কিন্তু আমাদের দুর্ভোগ শেষ হলো না। নদীর এপারে থাকি, ওপারে যেতে হলে জীবনের ঝুঁকি নিতে হয়। আমরা আর কিছু চাই না, শুধু একটি সেতু চাই।’
খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমি বলে, ‘সেতু না থাকায় প্রতিদিন স্কুলে যেতে অনেক কষ্ট হয়। বর্ষার সময় নদী পার হতে ভয় লাগে। অনেক সময় ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারি না।’
স্থানীয় ষাটোর্ধ্ব বৃদ্ধা আলেয়া বেগম আক্ষেপ করে বলেন, ‘নৌকায় চড়ে নদী পার হতে অনেক কষ্ট হয়। হাসপাতালে যেতে হয়, আমি অসুস্থ মানুষ। আপনারা আমাদের সেতুটি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করেন।’
স্থানীয়দের কাছে সেতুটি এখন কেবল একটি ভাঙা অবকাঠামো নয়, বরং দীর্ঘদিনের অপেক্ষা ও অপূর্ণ প্রত্যাশার প্রতীক। বছরের পর বছর জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দশমিনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ২০১৬ সালের ১৪ ডিসেম্বর বালুবোঝাই একটি কার্গো সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে কার্গোসহ সেতুটির মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় চার শিশুসহ পাঁচজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও স্থানীয় রফাতুল আলমের পাঁচ বছর বয়সী শিশু নুরসাত জাহানের মৃত্যু হয়।
এ বিষয়ে দশমিনা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এ টি এম সাদিকুর মানবকণ্ঠকে বলেন, ‘সেতুটি পুনর্নির্মাণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যত দ্রুত সম্ভব সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
দীর্ঘ ১০ বছর ধরে সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ভোগান্তি পোহাচ্ছেন দুই পাড়ের মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সেতুটি পুনর্নির্মাণ করবে। এতে ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
এসএ

