হবিগঞ্জের মাধবপুরে গভীর রাতে পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কসহ দুটি স্থানে এসব মিছিল বের করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। একই সময়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভা এলাকায় প্রবেশ করা সড়কেও যুবলীগের উদ্যোগে অপর একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
রাতের আঁধারে পৃথক দুটি স্থানে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং মশাল মিছিলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মাধবপুর পৌর ছাত্রদল। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান ও জসিম শিকদার। এ ছাড়া বক্তব্য দেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান, ইমরান আহমেদ দীপু এবং স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে ব্যাপারে আমরা তৎপর আছি।”
এসএ

