শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন। তবে জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে এমন কর্মসূচি অনুষ্ঠিত হলেও বিষয়টি জানে না স্থানীয় থানা-পুলিশ। মিছিলের কোনো তথ্য তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাজিরা পৌরসভার গুরুত্বপূর্ণ আড়াচন্ডি মোড়ে শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়।
মিছিলের ব্যানারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম বেপারীর ছবি দেখা যায়। ব্যানারে স্বেচ্ছাসেবক লীগের নাম থাকলেও মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে।
এদিকে পৌরসভার গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে প্রকাশ্যে এমন কর্মসূচি অনুষ্ঠিত হলেও বিষয়টি পুলিশের নজরে না আসায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কর্মসূচির আগে কিংবা পরে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য পেয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “জাজিরায় মিছিল হয়েছে, এমন কিছু আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো তথ্যও পাইনি।”
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন।
এ সময় বৈঠা ও লাঠি হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সেতু দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকেরা।
পরপর দুই দিনে জাজিরায় এ ধরনের রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রকাশ্যে মিছিলের পরও পুলিশ বিষয়টি অবগত না থাকার ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
এসএ

