সুন্দরবনের দুবলার চরে আকস্মিক বৃষ্টিতে বিপাকে পড়েছেন শুঁটকি পল্লির জেলে ও ব্যবসায়ীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হঠাৎ ১৮ থেকে ২০ মিনিটের মুষলধারে বৃষ্টিতে মাচায় শুকাতে দেওয়া শত শত মণ শুঁটকি ভিজে গেছে। এতে উৎপাদিত শুঁটকি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিন আবহাওয়া অনুকূলে না থাকলে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুবলার চরের আকাশ ছিল পরিষ্কার। ঝকঝকে রোদ ও অনুকূল আবহাওয়ায় শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত ছিলেন জেলে ও ব্যবসায়ীরা। কেউ লইট্টা মাছ শুকানোর জন্য মাচায় সাজাচ্ছিলেন, কেউ ফাইস্যা মাছ প্রক্রিয়াজাত করছিলেন। আবার কেউ সাগর থেকে আসা নৌকা থেকে রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ নামাচ্ছিলেন। নারী শ্রমিকেরাও মাছ কাটা ও শুঁটকি তৈরির কাজে ব্যস্ত ছিলেন।
কিন্তু হঠাৎ দক্ষিণ দিকের আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আকস্মিক বৃষ্টিতে শুঁটকি রক্ষায় হুড়োহুড়ি শুরু করেন জেলে ও ব্যবসায়ীরা। কেউ পলিথিন, কেউ ত্রিপল, আবার কেউ বাঁশের চাটাই দিয়ে মাচা ঢাকার চেষ্টা করেন। অনেকে ভেজা থেকে মাছ রক্ষা করতে দ্রুত ঘরে ও নিরাপদ স্থানে সরিয়ে নেন।
মাত্র ১৮ থেকে ২০ মিনিটের বৃষ্টিতেই মাচায় শুকাতে দেওয়া বিপুল পরিমাণ শুঁটকি ভিজে যায়। এতে নতুন করে শুঁটকি শুকানো এবং সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। জেলেদের আশঙ্কা, দ্রুত রোদ না পেলে ভেজা শুঁটকিতে ছত্রাক ও পচন ধরতে পারে। ফলে বাজারজাত করার উপযোগিতা ও বিক্রয়মূল্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দুবলার চরের প্রবীণ শুঁটকি ব্যবসায়ী কালু মাঝি বলেন, “১০ দিন ধরে রোদে মাছ শুকিয়েছি। এক বৃষ্টিতেই সব ভিজে গেল। এই ভেজা মাছ আর আগের দামে বিক্রি করতে পারব না। পচা গন্ধ হলে তো ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না।”
জেলে রহিমা বেগম বলেন, “সকালেও আকাশ ভালো ছিল। হঠাৎ এমন বৃষ্টি হবে, তা বুঝতে পারিনি। আমরা গরিব মানুষ, এই শুঁটকিই আমাদের সব। এখন মাছগুলো কীভাবে রক্ষা করব, তা নিয়ে চিন্তায় আছি।”
জেলেরা জানান, ভেজা শুঁটকি পুনরায় রোদে শুকানো না গেলে তাতে ছত্রাক ধরার আশঙ্কা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন আকাশ মেঘলা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তাঁদের আশঙ্কা, এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে।
তবে বৃষ্টি থামার পরপরই ক্ষতি সামাল দিতে কাজে নেমে পড়েন জেলে ও ব্যবসায়ীরা। ভেজা শুঁটকি পুনরায় মাচায় তোলা, ত্রিপল শুকানো এবং মাছ নতুন করে সাজানোর কাজ শুরু করেন তাঁরা।
সাগরনির্ভর দুবলার চরের জেলেদের জীবিকা মূলত মাছ আহরণ ও শুঁটকি উৎপাদনকে ঘিরে। তাই আকস্মিক এই বৃষ্টিতে তাঁদের চলতি মৌসুমের উৎপাদন ও আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
এসএ

