ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকার সজলের ছেলে মো: রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো: ওসমান গণির ছেলে মো: রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১) সহ আরও ২ জন। তবে তাৎক্ষনিকভাবে ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।
থানা-পুলিশ জানায়, গত ৯ নভেম্বর দিবাগত গভীররাতে নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে স্লোগান দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ ছিল। এ ঘটনার পর তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, জানিয়ে ওসি শিবিরুল ইসলাস আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিন্টু কলেজ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদেও ওপর হামলা চালায় আওয়ামীলীগ। এতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কলেজ শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর। পরবর্তীতে তাঁর স্মৃতি ধরে রাখতে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং শহীদ রেদোয়ান হোসেন সাগরের ছবি সংবলিত স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
ডিআর

