গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ইউনাইটেড পরিবহনের একটি বাস থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী ওরফে অলি (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিটের গেটের সামনে মহাসড়কের ওপর ওই অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ আলী ওরফে অলি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর এলাকার উজান চন্নপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. জাহের উদ্দিনের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসএস

