ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ নিহত হয়েছে। আহত হয়েছে রিয়া খাতুন নামের এক নারী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ রাত ৯ টার দিকে রিয়া খাতুন নামের এক নারীকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত গতিতে সড়কের গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে সৌরভ ও রিয়া দুইজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে সৌরভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৌরভের বাড়ি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায়। রিয়া খাতুনের সাথে কিছুদিন আগে পরিচয় হয়েছিল সৌরভের। সন্ধ্যায় তারা ঘুরতে ঝিনাইদহে যাচ্ছিল বলে জানা গেছে।
এসএস

