মিরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১৪) তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ইমাম হোসেন (২৫) বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
রোববার (১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইমাম হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- হৃদয় (২৫) ও রানা (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড় সংলগ্ন বাগানে ওই কিশোরীকে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। অপরাধের সাথে কারো ব্যক্তিগত সংশ্লিষ্টতা থাকলে ছাত্রদল তার দায় নেবে না। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments