ভোলার চরফ্যাশনে সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় জমি কেনার জন্য রাখা নগদ চার লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে অভিযুক্তরা।
ঘটনার দুই দিন পর গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন নুর করিম, হানিফ ও নাজমুল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছেন। গত মঙ্গলবার তিনি জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে আনেন। পরদিন সকালে জমির মালিককে টাকাটি দেওয়ার কথা ছিল।
রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে ভুলবশত ঘরের চিলেকোঠার ফটক খোলা থেকে যায়।
গভীর রাতে অভিযুক্ত নুর করিম ও তার সহযোগীরা ঘরে ঢুকে গৃহবধূর হাত ও মুখ বেঁধে ফেলেন। এরপর আলমারি ভেঙে নগদ চার লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে তিন শিশুসন্তানকে অস্ত্রের মুখে পাশের একটি কক্ষে আটকে রেখে অভিযুক্ত তিনজন পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করেন।
শিশুদের চিৎকার ও কান্নাকাটিতে একপর্যায়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
প্রধান অভিযুক্ত নুর করিম ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘ওই রাতে আমাদের দোকানেও চুরি হয়েছে। তাদের সঙ্গে আমাদের পুরনো বিরোধ থাকলেও ধর্ষণের বিষয়টি আমার জানা নেই।’
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান জানিয়েছেন, ধর্ষণের শিকার হয়ে এক নারী হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ধর্ষণের অভিযোগে এক নারী তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




Comments